
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, শুধু টেস্ট নয়, সব সংস্করণ মিলিয়েই এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এটাই এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’
টেস্ট ক্রিকেটে পেসারদের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে মানসিকতার পরিবর্তনকে বাংলাদেশের বড় অগ্রগতি হিসেবে দেখছেন শান্ত। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন এটাই। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং তারা এই সংস্করণকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এই মানসিকতাটাই এখন তাদের মধ্যে এসেছে।’
ডারউইন টেস্টে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমেরও প্রশংসা করেন শান্ত। তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে তানজিদ আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেরিট অনুযায়ী শট খেলেছে। একজন টপ-অর্ডার ব্যাটারের কাছে আমরা প্রভাব রাখার প্রত্যাশা করি, আর সে সেটি করতে পেরেছে।’