
গাজায় যুদ্ধ থামানোর আন্তর্জাতিক উদ্যোগ চললেও প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর রোডম্যাপ নিয়ে নিজেদের আপত্তিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। একই সঙ্গে দেশটি জানিয়েছে, গাজায় বর্তমানে যে অবস্থানে তাদের সেনাবাহিনী রয়েছে, সেখান থেকে কোনো বাহিনী প্রত্যাহার করা হবে না এবং হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আগের মতোই চলবে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, গাজায় হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর বর্তমান রোডম্যাপ ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “গাজা উপত্যকায় বর্তমান অবস্থান থেকে ইসরায়েল সরে যাবে না। আমাদের নাগরিক ও সেনাদের প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে ইসরায়েলের এই অবস্থানের মধ্যেই রোববার ‘বোর্ড অব পিস’-এর গাজাবিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ এবং সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তারা গাজায় চলমান সামরিক অভিযান বন্ধে নেতানিয়াহুকে রাজি করানোর চেষ্টা করেন।
এ ছাড়া ‘বোর্ড অব পিস’ এবং কয়েকজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের বর্তমান অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রস্তাবিত চুক্তির শর্তাবলি সম্পর্কে কয়েক মাস ধরেই ইসরায়েলকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছিল।