
শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে ভারতের রাজধানী দিল্লির মধ্যাঞ্চলে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করেছে সরকার। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে টেলিকম অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবারের জন্য জারি করা নির্দেশনায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছিল। পরে নতুন নির্দেশনায় সেই সময়সীমা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়।
দিল্লির এই অংশে প্রথমবারের মতো ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয় গত সোমবার, যখন সংসদ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো মধ্য দিল্লিতে ইন্টারনেট-সংক্রান্ত ভোগান্তি অব্যাহত রয়েছে। যন্তর-মন্তরসহ আন্দোলনের প্রধান কেন্দ্রগুলোতে মোবাইল ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর বলে জানা গেছে।
এদিকে ইন্টারনেট বন্ধের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে জারি করা হয়নি বলে জানিয়েছে একটি গণমাধ্যম। তবে দেশের দুটি বড় টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা সরকারের মৌখিক নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের ভাষ্য, গত কয়েকদিন ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে এবং সন্ধ্যা ৬টার দিকে তা পুনরায় চালু করা হচ্ছিল। তবে বৃহস্পতিবার নতুন নির্দেশনার ফলে এই স্থগিতাদেশ আরও কয়েক ঘণ্টা বাড়ানো হয়েছে।