
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে প্রত্যাশার চেয়েও সফল বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সমঝোতায় থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত বাস্তবায়ন করেনি ওয়াশিংটন। এ নিয়ে ইরানের ভেতরেও নানা সমালোচনা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান বলেন, দেশের একটি অংশ আলোচনার ফলাফলকে যথাযথভাবে মূল্যায়ন করছে না। তবে তার মতে, আলোচনা থেকে যে অগ্রগতি হয়েছে, তা প্রত্যাশার তুলনায় বেশি।
তিনি জানান, সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেল রপ্তানি পুনরায় স্বাভাবিক করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হয়েছিল। তবে জনগণের ঐক্য ও জাতীয় সংহতির কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
পেজেশকিয়ানের দাবি, সামরিক উদ্দেশ্য পূরণে ব্যর্থ হওয়ার পরই যুক্তরাষ্ট্র আবার কূটনৈতিক আলোচনার পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসানকে অগ্রাধিকার দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার সঙ্গে বৈঠকের সংখ্যাও বেড়েছে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা অনুযায়ী নেওয়া হচ্ছে।
এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ইরানে সরকার পরিবর্তনকেন্দ্রিক কৌশল পুনর্বিবেচনার পক্ষে মত দিচ্ছেন। তাদের আলোচনায় ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী আন্দোলনকে উৎসাহ দেওয়া এবং কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি সম্ভাব্য সমর্থনের বিষয়ও উঠে এসেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এখনো সুস্পষ্ট কোনো কৌশল নির্ধারণ করতে পারেনি ওয়াশিংটন।
ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্পও সীমিত হয়ে পড়েছে। কারণ বিমান হামলায় প্রত্যাশিত ফল মেলেনি, আর স্থল অভিযান চালানোর মতো রাজনৈতিক সমর্থনও নেই। অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ব্যারি ম্যাকক্যাফ্রির মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযান পরিচালনা করতে হলে প্রায় ছয় লাখ সেনা এবং প্রায় এক বছরের প্রস্তুতি প্রয়োজন হতে পারে।