
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার সময় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয় মার্কিন সিক্রেট সার্ভিস।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে এ ঘটনা ঘটে। হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। অনুষ্ঠানে প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যসহ বহু অতিথি উপস্থিত ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অতিথি নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ঘটনাস্থল থেকে দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্প নিরাপদ আছেন এবং মন্ত্রিসভার সদস্যরাও সুস্থ রয়েছেন।
ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই নৈশভোজে গুলির শব্দ শোনার পর সিক্রেট সার্ভিসের সদস্যরা চিৎকার করে সবাইকে নিচু হয়ে আশ্রয় নিতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্পসহ উপস্থিত অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এ সময় ‘নিচে ঝুঁকে পড়ুন’ ও ‘নিচেই থাকুন’ বলে চিৎকার করতে শোনা যায়।
পরবর্তীতে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং জানান, অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে এবং শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।
সূত্র: সিএনএন
