
হরমুজ প্রণালি পুনরায় চালু হলে সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা দেবে—এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের সরঞ্জাম মজুত করবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অবস্থান করবে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রণালিতে সবকিছু ঠিকভাবে চলছে তা নিশ্চিত করতে আমরা সেখানেই থাকব।’
ট্রাম্পের মতে, চলমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে যদি হরমুজ প্রণালির পূর্ণ সক্ষমতা ব্যবহার নিশ্চিত করা যায়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি ‘স্বর্ণযুগ’ বয়ে আনতে পারে।
তবে প্রণালির নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ভূমিকা কী হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হরমুজ খুলে দিলেই ইরান “বড় অঙ্কের” অর্থ উপার্জন করতে পারবে এবং তা দিয়ে ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।’
এর আগে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, যুদ্ধবিরতি চুক্তির আওতায় হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করতে পারে ইরান। এই অর্থ যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে ব্যয় করা হবে বলে প্রতিবেদনে বলা হয়।