
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলার খবর। একই দিনে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে ইরান।
শুক্রবার (৩ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগারে সকালে ইরানের ড্রোন সরাসরি আঘাত হানে। এতে স্থাপনাটির একাধিক ইউনিটে আগুন ধরে যায়। বর্তমানে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার পর শোধনাগারের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে, যা জ্বালানি অবকাঠামোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
অন্যদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের ভাষ্য অনুযায়ী, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের আকাশে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানের ভয়াবহ ক্ষতির কারণে পাইলটের অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে মেহের নিউজ এজেন্সি জানায়, বিমানটি এত দ্রুত বিধ্বস্ত হয়েছে যে পাইলটের বেরিয়ে আসার সুযোগ ছিল না বলেই ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এসব দাবি ও পাল্টা দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।