
লেবানন সীমান্ত ঘেঁষে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সংগঠনটি এই সতর্কবার্তা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য উদ্ধৃত করে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) ভোরে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করে। সেখানে লেবানন সীমান্তের পাঁচ কিলোমিটার বা প্রায় তিন মাইলের মধ্যে অবস্থিত শহরগুলো থেকে ইসরায়েলি বাসিন্দাদের সরে যেতে বলা হয়।
বার্তায় হিজবুল্লাহ জানায়, ‘লেবাননের সার্বভৌমত্ব ও সাধারণ নাগরিকদের ওপর যে সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে; তা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।’
এর আগে বৃহস্পতিবার রাত থেকেই লেবাননে বড় ধরনের বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ওই হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এলাকাটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১২৩ জন নিহত এবং ৬৮৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয়টি জানায়, রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে।
অন্যদিকে কিছুক্ষণ আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ঘোষণা দিয়েছে, তারা তেহরানে ইরানের তথাকথিত ‘সন্ত্রাসী শাসনের অবকাঠামো’ লক্ষ্য করে নতুন ধাপে ব্যাপক হামলা শুরু করেছে।