
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও বোরগে ব্রেন্ডে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগের কারণে তদন্তের মুখে পড়েছেন। এ নিয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করা ব্রেন্ডে একটি বিবৃতিতে জানিয়েছেন, কোনো বিভ্রান্তি এড়াতে এই পদত্যাগ করা প্রয়োজন।
ব্রেন্ডে বলেন, “সতর্কতার অংশ হিসেবে আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সাড়ে আট বছরের কর্মজীবন অত্যন্ত ফলপ্রসূ ছিল।”
তিনি আরও উল্লেখ করেন, তার দায়িত্বকালে রেকর্ডসংখ্যক অংশীদারকে যুক্ত করা সম্ভব হয়েছে এবং দাভোসে বার্ষিক সম্মেলনকে অতীতের চেয়ে অনেক বেশি সফলভাবে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নেতাদের সঙ্গে অংশগ্রহণ ও সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সহকর্মী, অংশীদার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্রেন্ডে বলেন, “অর্থনৈতিক ফোরামের গুরুত্বপূর্ণ কার্যক্রম কোনো বিভ্রান্তি ছাড়াই এগিয়ে নেওয়ার জন্য এটিই সঠিক সময়।”
তার পদত্যাগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে প্রকাশিত এপস্টেইন-সংক্রান্ত নথিপত্র। প্রকাশিত ৩৫ লাখের বেশি নথির মধ্যে ব্রেন্ডের নামও অন্তর্ভুক্ত। জানা গেছে, তিনি এপস্টেইনের সঙ্গে অন্তত তিনবার ব্যবসায়িক ডিনারে অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন সময়ে ই-মেইল ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ রাখতেন।