
দীর্ঘদিন পর দেশের জনপ্রিয় আটটি ব্যান্ডদলকে একসঙ্গে দেখা যাবে একই মঞ্চে। আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রক ও মেটাল সংগীতের আয়োজন ‘ওভারলোড ফেস্টিভ্যাল’।
লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
এবারের আসরের অন্যতম আকর্ষণ হচ্ছে নতুন লাইনআপ নিয়ে অর্থহীনের মঞ্চে ফেরা। পাশাপাশি নতুন ট্যুরিং ভোকালিস্টকে নিয়ে প্রথমবারের মতো দর্শকদের সামনে হাজির হবে আর্টসেল। দীর্ঘ বিরতির পর ক্রিপ্টিক ফেইটের মঞ্চে ফেরাও কনসার্টটির বিশেষ আকর্ষণ হিসেবে দেখছেন আয়োজকরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ জুলাই দুপুর ২টায় ভেন্যুর গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটায় এবং রাত ১১টা পর্যন্ত চলবে। তবে রাত ৮টার পর প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।
কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে ‘গেট সেট রক’ প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’ দেশের রক ও মেটাল সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা হয়ে থাকবে।