
দেশের শিল্প ও সংস্কৃতির প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০২৬ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক কে এম হানিফ, যিনি হানিফ সংকেত নামে বেশি পরিচিত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
এর আগে ৫ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতকে এই পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে নিজের এই অর্জনের অনুভূতি তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন হানিফ সংকেত। উপস্থাপনা, নির্মাণ, লেখালেখি, প্রযোজনা, গান, সুর ও গীত রচনায় তার বিচরণ রয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছেন। একই সঙ্গে সামাজিক অসংগতি নিয়ে তার সূক্ষ্ম ব্যঙ্গ ও হাস্যরস দর্শকদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
শিল্পচর্চার পাশাপাশি অভিনয়েও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত নাটক ‘কুসুম’-এ তিনি অভিনয় করেন। এছাড়া ১৯৮৮ সালে ‘আগমন’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কাড়েন। পরবর্তী সময়ে ‘চাঁপা ডাঙ্গার বউ’ এবং ‘ঢাকা ৮৬’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেও তাকে দেখা যায়।