
ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন দর্শক ও সমালোচকদের প্রশংসার কেন্দ্রবিন্দু। সিনেমাটিতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা রয়েছেন। তাদের সঙ্গে আরও থাকতে পারতেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। তারকাবহুল এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে বিশেষ এক কারণে দর্শকনন্দিত এই চলচ্চিত্রে অভিনয় করা থেকে বিরত থাকেন প্রবীণ এই অভিনেত্রী।
সম্প্রতি এক পডকাস্টে বিপাশা হায়াত বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে সিনেমার একটি চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন।
বিপাশা বলেন, ‘আমি যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে শারীরিক ও মানসিকভাবে পরিশ্রমের সুযোগ থাকবে। সেখানে আমার সেই পরিশ্রমের জায়গা কম থাকায় আমি কাজটি নিতে রাজি হইনি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি শুধু সেই ধরনের কাজের অপেক্ষায় আছি যেখানে শারীরিক ও মানসিক দুটো দিক থেকেই ঘাম ঝরানোর সুযোগ থাকবে।’
এদিকে ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে সাফল্য দেখানোর পর আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে এটি উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যবসায়িক দিক থেকে সিনেমাটি নির্মাতার আগের সফল সিনেমা ‘উৎসব’-এর রেকর্ডও ছাড়িয়ে যাবে।