
অভিনেত্রী সুমাইয়া শিমু দেশ ছেড়ে বিদেশে স্থায়ীভাবে পাড়ি জমিয়েছেন— এমন গুঞ্জন কয়েক দিন ধরে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে শিমু লিখেছেন, “সুমাইয়া শিমু কি দেশে থাকে, নাকি দেশের বাইরে থাকে?”
ভিডিও বার্তায় তিনি বলেন, “বিভিন্ন মাধ্যমে জানতে পারছি—অনেকে মনে করছেন আমি দেশের বাইরে থাকি। কথাটা একদমই ঠিক না। আমি কখনোই দেশের বাইরে থাকিনি।”
তিনি আরও বলেন, “আমি এখনো দেশে আছি, এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও দেশেই থাকব। দেশের বাইরে চলে যাওয়ার কোনো পরিকল্পনাও আমার নেই।”
বিদেশ ভ্রমণ প্রসঙ্গে শিমু জানান, “মাঝে মাঝে আমি ঘুরতে যাই—যেমন আপনারাও যান। পাঁচ দিন, দশ দিন বা পনেরো দিনের জন্য বিদেশে ভ্রমণে যাওয়া স্বাভাবিক বিষয়। আমিও তেমনই যাই। ঘোরা শেষ হলে আবার দেশে ফিরে আসি।”
প্রসঙ্গত, ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুমাইয়া শিমুর। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনে গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকে নামভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান।
২০০৮ সালে ‘স্বপ্নচূড়া’ নাটকে অভিনয়ের জন্য দর্শক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন শিমু। এ পর্যন্ত তিনি সাতবার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।