
রাজধানীর সক্ষম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রবিবার (১২ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালু হচ্ছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-এর মহাপরিচালক বি এম আব্দুল হান্নান।
এর আগে আ ন ম এহছানুল হক মিলন রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে ক্লাস চালুর ঘোষণা দেন।
গত ৯ এপ্রিল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও রাজধানীর যানজট বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব নামকরা স্কুলে অধিকাংশ শিক্ষার্থী গাড়িতে করে যাতায়াত করে, সেসব প্রতিষ্ঠানকে লক্ষ্য করেই এই ‘ব্লেন্ডেড এডুকেশন’ পদ্ধতি চালু করা হচ্ছে।
তিনি আরও জানান, এটি বাধ্যতামূলক নয়; যেসব প্রতিষ্ঠান সক্ষম, তারাই ধীরে ধীরে এই পদ্ধতিতে যুক্ত হবে। তৃণমূল বা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে সব স্কুলকে এ ব্যবস্থার আওতায় আনা হচ্ছে না।
এ বিষয়ে শিক্ষা সচিব আব্দুল খালেক বলেন, মূলত ঢাকা শহরের নির্দিষ্ট কিছু নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করা হবে, যেখানে শিক্ষার্থীরা বেশি সংখ্যায় ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে।
অন্যদিকে, সাধারণ স্কুলগুলো আগের মতোই নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত ক্লাস কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অনলাইন ক্লাস চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।