
জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য আগ্রহীদের নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা নির্ধারিত শর্ত পূরণ করবে, কেবল তারাই জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবে। আবেদনকারীদের বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ ২০২৬ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা। ফি চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক— সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে।
খেলোয়াড় কোটায় ভর্তির জন্য চারটি শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রথমত, প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। দ্বিতীয়ত, গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল বা বয়সভিত্তিক (অনূর্ধ্ব–২৩, ২০, ১৯, ১৭ ও ১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয়ত, ব্যক্তিগত ক্রীড়ায় অংশ নেওয়া প্রার্থীদের জাতীয় র্যাংকিং অনুযায়ী ১ থেকে ৫–এর মধ্যে থাকতে হবে। চতুর্থত, উল্লেখিত সব প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, খেলোয়াড় কোটায় ভর্তির জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। সংশ্লিষ্ট ইউনিটের প্রধানরা এ লিখিত পরীক্ষা গ্রহণ করবেন।