.webp)
প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন চলছে। এর প্রভাবে নেটওয়ার্কটির আওতাভুক্ত ৩০টি ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবায় সীমাবদ্ধতা শুরু হয়েছে। ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই মাইগ্রেশনের কাজ শেষ হলে সেবাগুলো স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংককে না জানিয়েই ৩০ ব্যাংকের সেবা সীমিত
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত ব্যবস্থা স্থানান্তরের কারণেই সাময়িক এ বিঘ্ন তৈরি হয়েছে। তবে একসঙ্গে এতগুলো ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ বা সীমিত করার আগে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি জানানো হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ব্যাংকগুলো আগেভাগে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি অবহিত করেনি।
একসঙ্গে বিপুলসংখ্যক ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত হওয়ায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অসন্তোষের কথাও জানা গেছে।
যেসব সেবায় ভোগান্তির আশঙ্কা
মাইগ্রেশনের সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম, সিআরএম ও পিওএস ব্যবহার করে লেনদেনে বিঘ্ন ঘটতে পারে। তবে ৩০টি ব্যাংকের সব ধরনের সেবা একসঙ্গে বন্ধ থাকবে না। কোন ব্যাংকের কোন সেবা কত সময়ের জন্য সীমিত থাকবে, তা ব্যাংকভেদে আলাদা।
সেবা সীমিত থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
গ্রাহকদের মোবাইল বার্তার মাধ্যমে সাময়িক সেবা সীমিত থাকার বিষয়টি জানানো হয়েছে। জরুরি লেনদেনের জন্য বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শও দিয়েছে ব্যাংকগুলো।
বিকল্প লেনদেন চালু, তবু ভোগান্তির শঙ্কা
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেবা—বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে লেনদেন চালু থাকার কথা বলা হয়েছে।
ব্যাংক কর্মকর্তাদের মতে, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের জন্য সিস্টেম আপগ্রেড বা মাইগ্রেশনের সময় কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা অস্বাভাবিক নয়। তবে একই সময়ে ৩০টি ব্যাংকের সেবায় সীমাবদ্ধতা তৈরি হওয়ায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
বিশেষ করে জরুরি প্রয়োজনে এটিএম থেকে নগদ টাকা তোলা, দোকানে কার্ডে মূল্য পরিশোধ, অনলাইন পেমেন্ট কিংবা কিউআর কোডে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা। তাই ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত যাদের জরুরি লেনদেনের প্রয়োজন রয়েছে, তাদের আগেই বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।