
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে এ হিসাব করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৫৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে ৩৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রথম ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।
রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রবাসী আয় সংগ্রহে বেসরকারি ব্যাংকগুলোই সবচেয়ে বড় ভূমিকা রাখছে। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনের মোট রেমিট্যান্সের বড় অংশই এসেছে এসব ব্যাংকের মাধ্যমে।