
দেশের চারটি মোবাইল অপারেটরের কাছে সরকারের মোট পাওনা প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, তরঙ্গ ফি, জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলসহ বিভিন্ন খাতে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছে সরকারের পাওনা রয়েছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের আবেদন বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
সংসদে দেওয়া তথ্যমতে, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের। অপারেটরটির কাছে সরকারের পাওনা ৬ হাজার ১০২ কোটি টাকা। ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি এবং ভ্যাট-সংক্রান্ত বিভিন্ন দাবির কারণে এ বকেয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।
রবি আজিয়াটা লিমিটেডের কাছে সরকারের পাওনা রয়েছে ৬১৫ কোটি টাকা। অডিট আপত্তি ও রেভিনিউ শেয়ারিং-সংক্রান্ত দাবির কারণে এ অর্থ বকেয়া রয়েছে। এ সংক্রান্ত বিষয়ও আদালতে বিচারাধীন।
অন্যদিকে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে সরকারের পাওনা ৪৭৩ কোটি টাকা। অডিট আপত্তি ও রাজস্ব ভাগাভাগি-সংক্রান্ত বিভিন্ন দাবির কারণে এই বকেয়া সৃষ্টি হয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।
সরকারের দাবি অনুযায়ী, চার মোবাইল অপারেটরের কাছ থেকে মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকারও বেশি আদায়যোগ্য রয়েছে, যার বড় অংশই বিভিন্ন আইনি প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।