
সম্মিলিত ইসলামী ব্যাংকের নেতৃত্বে নতুন পরিবর্তন এনেছে সরকার। ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদে দুই অভিজ্ঞ ব্যাংকারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে তাদের।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসানকে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দেওয়া হয়েছে। উভয়ের মেয়াদ হবে তিন বছর।
নতুন চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এর আগে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আবেদুর রহমান সিকদার বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংক খাতের সংকট মোকাবিলা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার উদ্যোগের অংশ হিসেবে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর নতুন এই ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়। নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগের মাধ্যমে ব্যাংকটির প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।