
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা ১ জুন থেকেই কার্যকর করা হয়েছে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এসংক্রান্ত একটি জরুরি সরকারি আদেশ জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, এর আগে সরকারের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।
তবে সদ্যসমাপ্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, ঈদ উপলক্ষে দেওয়া সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সাশ্রয়ী সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যেই তাদের সমস্ত বাণিজ্যিক কার্যক্রম শেষ করতে হবে।
সরকারি আদেশে আরো বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে রাস্তাঘাট ও শপিং মলে থাকা সব ধরনের বিলবোর্ডের বাতি ও অতিরিক্ত আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কঠোরভাবে প্রযোজ্য হবে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব মাঠ প্রশাসন ও শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষকে এই নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।