
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে থাকা দুটি মামলার মধ্যে একটির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৯ জুলাই ব্যারিস্টার সুমনের জামিনসংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে দুটি মামলায় জামিন দেন। এর একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অন্যটি মুগদা থানার হত্যাচেষ্টা মামলা।
পরবর্তীতে ওই দুই মামলায় হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।
শুনানি শেষে ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, খিলগাঁও থানার হত্যা মামলায় দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তবে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের কিছুক্ষণ আগে, ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’’
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে।