
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আশরাফ আলী কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।
নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে তার বড় ভাই আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ ২০ থেকে ৩০ জন লোক সেখানে এসে উপস্থিত হন।
একপর্যায়ে তারা আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে চলে যান তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারসহ অভিযুক্ত অন্যদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।