
ইলিশকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা রক্ষায় জেলেদের পাশাপাশি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ইলিশ আমাদের সম্পদ, বিশেষ করে আপনাদের (জেলে) সম্পদ। তাই এটি রক্ষা করার দায়িত্বও আপনাদের। আমরা সবাই মিলে এই সম্পদ রক্ষা করব। যে কোনো কিছুর বিনিময়ে আমাদের এই সম্পদ বৃদ্ধি করতে হবে।’
তিনি বলেন, ছোট ইলিশের ডিম থেকে দেড় থেকে দুই লাখ পর্যন্ত ইলিশের বাচ্চা হতে পারে। আর বড় ইলিশের ডিম থেকে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইলিশের প্রজনন মৌসুমে নির্ধারিত ২২ দিন ধৈর্য ধরে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জেলেদের জন্য ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কয়েকটি দিন কষ্ট করে নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন এবং জেলেদের সম্পদ—দুটিই বাড়বে।
তিনি আরও বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এটি জিআই পণ্য। বিশ্বের মোট ইলিশের প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। কাজেই ইলিশ রক্ষার দায়িত্ব আমাদের সবার।’
মাদারীপুরকে ইলিশের জন্য গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা নদীতে সুস্বাদু ইলিশ পাওয়া যায়। কোনো ধরনের অবৈধ জাল যাতে ব্যবহার না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মাদক যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। তাই প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়।
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ মৎস্য অধিদপ্তর, প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা।