
সাতক্ষীরা শহরে একটি চায়ের দোকানে বাকবিতণ্ডা ও ঝগড়া থামাতে গিয়ে সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় জাকারিয়া সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে নিহতের ফুপাতো ভাই ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন জানান, রাতে জাকারিয়া পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময় দোকানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি ও হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান জাকারিয়া। তখন সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।