
চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন স্থানীয় ভূমিহীনরা। বৃহস্পতিবার বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি এবং নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন এবং তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানান। একই সঙ্গে স্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু করা, ঐতিহ্যবাহী সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালু করা এবং সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও দুস্থ ভূমিহীনদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সাধারণ ভূমিহীন ও অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলীর সভাপতিত্বে এবং নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, শাহানারা খাতুন রিনা, রফিকুল ইসলাম ও স্বপন পান্ডে।
সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ছাড়াও পথসভায় বিপুলসংখ্যক সাধারণ ভূমিহীন মানুষ অংশ নেন। উপস্থিত জনতা অবিলম্বে তাঁদের ৪ দফা দাবি মেনে নিয়ে বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।