
সাতক্ষীরা বাইপাস সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সেটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।
মাত্র ২০ বছর বয়সী এই তরুণ এলাকায় নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে সবার কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহতের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।