
রংপুর নগরীর দাসপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে সোমবার ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার রাতে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামির নমুনা সংগ্রহ করা হবে। এ উদ্দেশ্যে তাদের ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হবে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত এবং নিহতদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি কিংবা কোনো আলামতের সঙ্গে তাদের জৈবিক সম্পর্ক ছিল কি না, তা যাচাই করার চেষ্টা করা হবে।
সনাতন চক্রবর্তী বলেন, “সিআইডিতে ডিএনএ এর স্যাম্পল দেওয়া হবে।ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে। তবে কখন নিয়ে যাওয়া হবে এ ব্যাপারে তিনি কিছু জানেন নি।সেখানে আধাঘণ্টার কাজ আছে তারপর কালকেই রওনা দেবে।”
পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তদন্তের পর প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।