
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া এলাকার ‘প্রীতি গার্মেন্টস’ কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আগুন লাগার পর কারখানা ও আশপাশের এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ শোনা যায়। এরপরই কারখানাটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ কারণে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে পাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত অবস্থা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।