
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
‘একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা রাজনৈতিক সংস্কৃতির অংশ’
ফরিদা ইয়াসমিন বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।
জনপ্রতিনিধিদের বক্তব্য ও আচরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদার ভাষ্য, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে নজর রাখেন। কিন্তু কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে এবং তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন। তার মতে, এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‘আমাদের পরস্পরকে সম্মান করতে হবে’
সরকারি ও বিরোধী দলের নেতাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব দেন ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন, আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন নারীকে। জেনেশুনে উনি কেন এ ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান? আমাদের পরস্পরকে সম্মান করতে হবে।
নিজের দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে এবং তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার ঘটনার উপযুক্ত বিচার তিনি চান।
তিনি জানান, দলের অনুমতি পাওয়া গেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।
আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রতিবাদে ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি ভেড়ামারা শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম, আবুল কালাম আজাদসহ অন্যরা।
দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
যে বক্তব্য ঘিরে অভিযোগ
এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমরা কথা বললেই সবসময় আমাদের বক্তব্য উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়। প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছে, যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা। তাদের বাদ দিয়ে কমিটিবহির্ভূত ব্যক্তিদের নিয়ে প্রশাসন মিটিং করে, এটি দুঃখজনক। তারা বলছেন, সরকারি দলের ছাড়া আর কাউকে সারের ডিলারশিপ দেওয়া যাবে না। এটা কখনোই মানা যায় না।’
এই বক্তব্যের পরই আমির হামজার বিরুদ্ধে তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তির অভিযোগ তোলেন ফরিদা ইয়াসমিন। এর প্রতিবাদে তিনি নিন্দা জানানোর পাশাপাশি দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।