
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পাগল উন্মাদ’ ও আওয়ামী লীগের ‘পোষা কুকুর’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদারীপুরের রাজৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীনকে নিয়ে বক্তব্য
হিমেল আল ইমরান বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম শুনলেই বাটপার বাটপার ভাব চলে আসে। সারা বাংলাদেশের জনগণ তাকে ডারবি নাসীর হিসেবে চেনে। নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের পোষা কুকুর।’
ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রদলের একটি ছেলেও এই দলকে কলঙ্কিত করে নাই। তারেক রহমান ৭ মাস ক্ষমতায় এসেছে। নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবগুলা বাস্তবায়ন করতেছে। এতেই বোঝা যায় তারেক রহমানের মুখে আর অন্তরে এক।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজৈরে বড় কোনো কর্মসূচি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হিমেল আল ইমরান।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজৈরে বড় কোন প্রোগ্রাম হয় নাই। কারো মাথা খুঁজে পাওয়া যায় নাই। আমার লজ্জা লাগছে।’
দলের আদর্শ ধারণের বিষয়েও তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘যারা বিএনপি ধারণ করে মনে কিন্তু অন্তরে ধারণ করে না, আমরা তাদের ঘৃণার চোখে দেখি।’
শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণকারীরা কখনো খারাপ কাজে জড়াবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, ‘শহীদ জিয়ার আদর্শকে আমরা যারা ধারণ করি, তারা কখনো খারাপ কাজে লিপ্ত হবে না।’