
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে এসকেএস ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাঘাটার ভরতখালীতে এসকেএস রিসোর্স সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। প্রথম ধাপে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের কাছে ৬ লাখ ৭২ হাজার টাকার ওষুধ হস্তান্তর করা হয়।
এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে এবং পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়কারী আশরাফুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর।
এ সময় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইলতুতমিশ আকন্দ, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রুহুল আমিন, সাঘাটা থানার ওসি মাহবুব আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এতে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার ব্যয় ও ভোগান্তি কমবে।
আয়োজকরা জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার দুশ্চিন্তা কমাতে এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে।