
প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে সরকারি কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন ও স্ব-সহায়ক দলের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার চর ভগবতীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন ২০ জন ব্যক্তিকে নিয়ে গঠিত স্ব-সহায়ক দলের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার সুরক্ষা এবং সরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মসিউর রহমান মণ্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মো. আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এবং ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুস সালামসহ প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তি সহজ করা গেলে তাদের জীবনমান আরও উন্নত হবে।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও সেবাপ্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এফডিআইডিপি প্রকল্পের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে ফ্রেন্ডশিপের এই প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দুর্গম চরাঞ্চলসহ মোট ৫২টি চরে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ১৪টি চরে কাজ করা হচ্ছে। দুর্গম ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এসব এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।