
পিরোজপুরে বিদ্যুৎ বিভাগের একটি নির্মাণ সাইটে বালু ভরাটের কাজে বাধা, ভাঙচুর এবং ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছাত্রদল সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি আব্দুস সালাম শেখকে রোববার (৩০ আগস্ট) দুপুরে পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, কৃষক দলের সাবেক সভাপতি রাজু এবং শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কদমতলা এলাকায় বিদ্যুৎ বিভাগের ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর সাবস্টেশন নির্মাণের জন্য বালু ভরাটের কাজ চলছিল। এই কাজে বাধা দিয়ে ঠিকাদার মো. জাকির হোসেনের কাছে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলায় উল্লেখ করা হয়েছে, কয়েক দিন ধরে তারা নির্মাণকাজে বাধা দিয়ে আসছিলেন।
চাঁদা না দেওয়ায় আসামিরা বালু ভরাটের কাজে ব্যবহৃত পিভিসি পাইপসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ঠিকাদারের কাছে বালু ভরাটের কাজের অংশীদারত্ব এবং নির্দিষ্ট পরিমাণ অর্থও দাবি করা হয়।
এ ঘটনায় গতকাল রোববার ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। পরে পুলিশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, কৃষক দলের সাবেক সভাপতি রাজু ও শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
অন্যদিকে বাসে করে ঢাকা যাওয়ার সময় প্রধান আসামি আব্দুস সালাম শেখকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পুলিশ জানিয়েছে, র্যাব আব্দুস সালামকে তাদের কাছে হস্তান্তর করলে তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম ছাইদুল ইসলাম কিসমতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘মামলায় আটক নেতা-কর্মীরা দোষী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’