
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সাবের আহমদ।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৫২ থেকে বাংলাদেশ-মিয়ানমারের শূন্যলাইন পেরিয়ে আনুমানিক ৪০০ মিটার মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণটি ঘটে।
প্রাথমিক তথ্যানুযায়ী, বাঁশ কাটার জন্য সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনের ওপর তার পা পড়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্যে জানা গেছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ওই এলাকায় আগে থেকেই ল্যান্ডমাইন পুঁতে রাখা ছিল। সাইফুল অসাবধানতাবশত সেগুলোর একটির ওপর পা রাখায় এই দুর্ঘটনা ঘটে।