
বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই কুষ্টিয়ার দৌলতপুরে নেমে এলো শোক। বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ড ফ্যানের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে সম্পন্ন হয়। পরে বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ের আয়োজন উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের অনুষ্ঠান চলছিল।
এ সময় প্যান্ডেলের পাশে একটি চেয়ারে বসেছিলেন আনাস। হঠাৎ তার ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত আনাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, স্ট্যান্ড ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তবে কীভাবে ফ্যানটিতে বিদ্যুৎ সংযোগজনিত ত্রুটি তৈরি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আনাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।