
নোয়াখালীর সুবর্ণচরে ব্র্যাকের একটি কার্যালয় থেকে দাউদুল ইসলাম তুষার (৩০) নামের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চনবাজার শাখা কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুষার ফেনীর বাসিন্দা। তিনি গত চার মাস ধরে ওই শাখায় নিরীক্ষক (অডিটর) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিস খোলার পর চাবি আনতে গিয়ে সহকর্মীরা তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’
তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।