
কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষায় ছিলেন একদল শ্রমিক। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উঠে যায় তাদের ওপর। বগুড়া-নওগাঁ মহাসড়কের এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং আরও তিনজন হাসপাতালে মারা গেছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী শীতাতপ নিয়ন্ত্রিত ফহেত আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় সেখানে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর বাসটি উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সম্পন্ন করলেও ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখেন। এর ফলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বগুড়া-নওগাঁ সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে।
এদিকে, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন সড়ক অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল।