
মাগুরা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সদর উপজেলার কেশব মোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পর একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে গিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, হামলাকারীরা বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কয়েকটি কাচের জানালা ভেঙে যায়। তবে হামলার সময় বাড়ির ভেতরে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বাড়িটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।