
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোরোগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোরোগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা।
স্থানীয়রা জানান, পেশায় গাছ কাটার শ্রমিক গোলাম মওলা বুধবার সকালে আজিম উদ্দিনের একটি গাছ কাটতে ওই এলাকায় যান। গাছ কাটার সময় সেটি পাশের পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির বলেন, গাছটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে যাওয়ার পর সেটি সরাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। দুজনই ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।