.jpeg)
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নেওয়াকে কেন্দ্র করে প্রবাসী এক নারীর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের বিরুদ্ধে।
গত ২১ জুলাই আহত হোসনে আরা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৩ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- ইসলামপুর গ্রামের সিদ্দিক (৫৮), কাচারীপাড়া গ্রামের কুদ্দুছ (২৮), কুদ্দুছের স্ত্রী নুরুনাহার (২৫) ও বোরহান (২৪)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে হোসনে আরার ছোট ভাই কুদ্দুছ অসুস্থ বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করে উল্টো জমি ও টাকার জন্য তাদের নির্যাতন করতেন। ভাইয়ের নির্যাতন থেকে বাবা-মাকে রক্ষা করতে হোসনে আরা নিয়মিত অর্থ সহায়তা করতেন। পরে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসেন এবং বাবা-মায়ের দেখাশোনার দায়িত্ব নিতে সৌদি আরব গিয়ে উপার্জন শুরু করেন।
গত ১৪ জুলাই সকাল ১১টার দিকে কুদ্দুছ তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করে হোসনে আরা আগে দেওয়া ২ লাখ ২০ হাজার টাকা ফেরত চাইলে সৎ ভাই সিদ্দিকের নির্দেশে কুদ্দুছ তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের চারটি আঙুল কেটে ফেলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ইদ্রিস মিয়া জানান, পরিবারের দায়িত্ব নিতে বিদেশে যাওয়া হোসনে আরা বাবা-মায়ের ভরণপোষণের পাশাপাশি ভাইকে অটোরিকশা ও টমটম কিনে দিয়েও সহযোগিতা করেছিলেন। কিন্তু সেগুলো বিক্রি করে কুদ্দুছ বারবার মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে তাকে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত কুদ্দুছের বাড়িতে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। এছাড়া মোবাইল ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, ঘটনাটি নিয়ে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।