
একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের বিরল সাফল্যে আনন্দের জোয়ার বইছে কুড়িগ্রামে। তাদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।
মেধাবী এই তিন বোন হলেন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান এবং শাহিনা আক্তারের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে অংশ নেয়। অন্যদিকে তাবিয়া পরীক্ষায় অংশ নেয় অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রকাশিত ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। আর তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মেয়েদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা তারিকুর রহমান বলেন, ‘আমার মেয়েরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে। সবার কাছে সেই দোয়া চাই।’
মা শাহিনা আক্তার জানান, তিন মেয়েই নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করে। পাশাপাশি খেলাধুলা ও দৈনন্দিন জীবনযাপনেও তারা শৃঙ্খলা মেনে চলে। তিনি বলেন, ‘মেয়েরাই আমাদের পরিবারের প্রদীপ।’
শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিন বোনের শেখার আগ্রহ ও অধ্যবসায় ছিল চোখে পড়ার মতো। নিয়মিত অধ্যয়ন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ফলেই তারা এই কৃতিত্ব অর্জন করেছে।
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, ‘একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া নিঃসন্দেহে একটি বিরল ও গৌরবের ঘটনা।’