
চুয়াডাঙ্গা শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে নারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী করিম নিজ কক্ষে অবস্থান করার সময় এক অভিভাবক সেখানে প্রবেশ করে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে চড়-থাপ্পড় মারেন। পরে উপস্থিত অন্যরা অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে দেন।
বিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্ত সামসউর রহমান শুভর মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সমাবেশ চলাকালে সহপাঠীর সঙ্গে কথা বলায় তাকে শাসন করেন প্রধান শিক্ষক। এ ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ।
অভিযুক্তের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনে যেমন স্নেহ করতে হয়, তেমনি শৃঙ্খলার স্বার্থে কখনো কখনো শাসনও করতে হয়। তবে একটি শিক্ষার্থীকে শাসনের ঘটনাকে কেন্দ্র করে একজন অভিভাবক অফিসকক্ষে ঢুকে তাঁর ওপর হামলা চালাবেন, তা কল্পনাও করেননি। এ ঘটনার পর তিনি বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীনতা অনুভব করছেন।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোয়াইব হোসেন বলেন, কোনো অভিযোগ থাকলে অভিভাবকদের নির্ধারিত প্রক্রিয়ায় তা জানানো উচিত। বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা শিক্ষা পরিবেশের জন্য উদ্বেগজনক। তিনি ঘটনার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষকের পাশে থাকার আশ্বাস দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। অভিযোগ থাকলে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কাছে আসা উচিত ছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।