
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার বাসিন্দা রাকিব ভূইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র একদল ডাকাত হামলা চালায়। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ মোট ছয়জন আহত হন।
একই সময় ডাকাতরা পাশের একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পরদিন আহত ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।