
বিদ্যুৎ সরবরাহ লাইনে আকস্মিক যান্ত্রিক গোলযোগের জেরে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহর ও এর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে আগাম ঘোষণা ছাড়া এই দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, একটি প্রধান সরবরাহকারী কেন্দ্রে লাইনে ত্রুটি দেখা দেওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে। তবে এই পরিস্থিতি থেকে ঠিক কখন নাগাদ মুক্তি মিলবে, সে বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, গলাটিপা, উকিলপাড়া, কালিরবাজার, টানবাজার, আমলাপাড়া, জামতলা, মাসদাইর, বালুর মাঠ ও কাশীপুরসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে এসব অঞ্চলের বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ী সিজান আহমেদ বলেন, "সকাল দশটায় মার্কেটে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। তীব্র গরমে খুবই খারাপ অবস্থা। পরে দোকান বন্ধ করে বাসায় চলে আসছি একটায়। এখন বাসায় এসে দেখি এখানেও বিদ্যুৎ নেই।"
এদিকে রান্নাবান্না ও গৃহস্থালি কাজে স্থবিরতা নেমে আসার কথা জানিয়ে কাশীপুরের বাসিন্দা রেহানা পারভীন বলেন, "আমাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেক্ট্রিক চুলাতে। আজ সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে।"
পূর্ব ঘোষণা না থাকায় বিপাকে পড়ার কথা উল্লেখ করে ওই এলাকার আরেক বাসিন্দা কুলসুম বেগম বলেন, "বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং আমরা শুনিনি। যার কারণে রেগুলার লোডশেডিং ভেবে পানি মজুত বা জমিয়ে রাখিনি। এখন তো বিদ্যুৎ দেরিতে আসলে পানির সংকটেও পড়তে হবে।"
তবে শহরের বিস্তীর্ণ এলাকায় হাহাকার চললেও নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন।
বিদ্যুৎ বিপর্যয়ের মূল কারণ ব্যাখ্যা করে ডিপিডিসির প্রকৌশলী কামাল হোসেন বলেন, "শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে কেন্দ্রটি থেকে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো- তা বন্ধ রয়েছে। এ কেন্দ্রটি পিজিসিবির আওতাধীন। তারা যখন ত্রুটি মেরামত করবে তখন আবার বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হবে।"
তিনি আরও জানান, পিজিসিবির টেকনিক্যাল টিমকে দ্রুত খবর দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করেছে। ত্রুটি দূর হওয়ামাত্রই পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। তবে বিকেল সোয়া ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি।