
সোমবার (১১ মে) রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিজ দলের এক কর্মী হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এতে কয়েক ঘণ্টার জন্য সাজেকগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধ চলাকালে সাজেকের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেন সংগঠনটির কর্মীরা। প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সদস্যদের বিভিন্ন স্থানে পিকেটিং করতেও দেখা যায়।
অবরোধের কারণে সাজেক-দীঘিনালা ও মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে পর্যটকবাহী গাড়িও আটকে যায় এবং সাজেকে যাতায়াত ব্যাহত হয়।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ একটি গণমাধ্যমকে বলেন, সকাল থেকে কোনো পর্যটকবাহী গাড়ি চলাচল করতে পারেনি। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হতে পারে। তিনি জানান, বর্তমানে সাজেকে পর্যটকের সংখ্যাও তুলনামূলক কম।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত শনিবার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফের কর্মী হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার প্রতিবাদেই সংগঠনটি প্রধান সড়কে এই অবরোধ কর্মসূচি পালন করে।