
সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অভিযোগে রাজধানীর ভাটারা এলাকায় এক খুচরা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাকির মোল্লা নামের ওই বিক্রেতা সরকার নির্ধারিত প্রতি লিটার ১২০ টাকার পরিবর্তে ২০০ থেকে ২৫০ টাকায় তেল বিক্রি করছিলেন।
তদন্ত সূত্রে জানা গেছে, নিলামে প্রতি লিটার ৮০ টাকায় তেল কিনে তা অধিক মূল্যে বিক্রি করছিলেন তিনি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কয়েকদিন ধরে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি নজরদারিতে রাখে।
পরবর্তীতে তদন্তে নিশ্চিত হওয়া যায়, জাকির মোল্লা প্রায় ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন সংগ্রহ করে তা বাড়তি দামে বিক্রি করছিলেন।
এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তেলসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, অভিযুক্ত জাকির মোল্লার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।