
পাবনার চাটমোহর রেলস্টেশনে ভয়াবহ এক দুর্ঘটনায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন রেলওয়ে পুলিশের (জিআরপি) কনস্টেবল মো. শরীফ উদ্দিন।
শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ত্যাগ করার সময় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কনস্টেবল শরীফ উদ্দিন ওই ট্রেনেই দায়িত্ব পালন করছিলেন। ট্রেনটি চাটমোহর স্টেশনে পৌঁছানোর পর অতিরিক্ত যাত্রীর চাপে ভেতরে দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করে, তখন তিনি ওঠার চেষ্টা করেন। কিন্তু ভেতরে জায়গা না থাকায় দরজার হাতল ধরে ঝুলে থাকতে হয় তাকে। একপর্যায়ে হাত ফসকে গিয়ে লাইনের পাশে পড়ে যান তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা আক্তার জানিয়েছেন, কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় ট্রেনগুলোতে বর্তমানে অতিরিক্ত ভিড় হচ্ছে। আহত পুলিশ সদস্যের শারীরিক অবস্থার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ নজর রাখছে।