
৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ বেশ কয়েকজন মানুষ নিহত হওয়ার ঘটনার ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
পুলিশ হত্যার ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “পুলিশসহ অনেক মানুষ মারা গেছে; এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
আইজিপি আরও সতর্ক করেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করলে এটি মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “এতে সবারই ক্ষতি হয়।”
তিনি মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি থাকার কথাও উল্লেখ করেন এবং দাবি করেন, ১২ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনী দেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে।
আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকালেই রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ এএসপি কর্মকর্তাদের পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।