
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশন থেকে প্রায় ৪৫০ গজ দক্ষিণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে দীর্ঘ সময় ধরে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি ট্রেনের অপেক্ষায় ছিলেন। কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।
বারোবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস সকাল ১০টার পর স্টেশনে পৌঁছানোর আগেই স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর।
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।