
মাদারীপুরের দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত এবং বুধবার ভোরে কালকিনি ও শিবচর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালকিনি উপজেলায় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী, মেয়ে এবং ইজিবাইকের চালকসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত চান মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।
কালকিনি থানা-পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে উত্তর উরারচর এলাকা থেকে পরিবার নিয়ে ইজিবাইকে করে বাঁশগাড়ির দিকে যাচ্ছিলেন চান মিয়া। পথে নীলমনি ব্রিজ অতিক্রম করার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, শিবচর উপজেলার পাচ্চর এলাকার এক্সপ্রেসওয়েতে একটি বাসের ধাক্কায় আনুমানিক ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
হাইওয়ে থানা-পুলিশ জানায়, যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর অংশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর সেরনিয়াবাদ পৃথক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।